খুনের মামলায় অভিযুক্ত, নিউটাউন থেকে আটক ‘ফেরার’ বিডিও প্রশান্ত বর্মণ

খুনের মামলায় অভিযুক্ত ও 'ফেরার' সাসপেন্ডেড বিডিও প্রশান্ত বর্মণ নিউটাউন থেকে আটক। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারার অভিযোগে ধরা পড়লেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ নিউটাউন থেকে আটক হলেন খুনের মামলায় অভিযুক্ত ও দীর্ঘদিন ধরে ‘ফেরার’ থাকা সাসপেন্ডেড বিডিও প্রশান্ত বর্মণ। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মারার অভিযোগে নিউটাউনে তাঁর গাড়ি আটকান স্থানীয়রা। এরপরই ইকোপার্ক থানার পুলিশ তাঁকে আটক করে। পুলিশের খাতায় দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন প্রশান্ত বর্মণ। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় তিনি মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের এক ব্যক্তিকে ধাক্কা মারে প্রশান্ত বর্মণের গাড়ি। এর পরেই শুরু হয় বাকবিতণ্ডা এবং স্থানীয় মানুষজন তাঁর গাড়ি আটকে দেন। পরে জানা যায়, গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত বর্মণ। এই ঘটনায় তাঁর দীর্ঘদিনের ‘ফেরার’ থাকার বিষয়টি প্রকাশ্যে আসে।

প্রশান্ত বর্মণের বিরুদ্ধে এক স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। যদিও ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে বা তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে প্রশাসনের তরফে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। একাধিক বিতর্কিত ঘটনার জেরে বর্তমানে ব্যাপক চাপে রয়েছেন সাসপেন্ডেড বিডিও প্রশান্ত বর্মণ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমানে প্রশান্ত বর্মণ সাসপেন্ডেড। রাজগঞ্জে তাঁর চেম্বারের বাইরে থেকে নেমপ্লেটও সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর জায়গায় কাজকর্ম দেখছেন জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল।

প্রশান্তের আটক নিয়ে উত্তরবঙ্গে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। রাজগঞ্জের বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, “প্রশান্ত বর্মণ দ্রুত গ্রেফতার হবে। তার সব ফাইল খোলা হবে।” তিনি দুর্নীতির অভিযোগ তুলে কড়া বার্তা দেন। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদও এই ঘটনায় দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।