দীর্ঘ ৭ বছর পর ঘরে ফিরলেন বউবাজারের দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা, পুজোর আগে স্বস্তি

৭ বছর পর বউবাজারের দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা ঘরে ফিরলেন। মেট্রো বিপর্যয়ের পর দীর্ঘ অপেক্ষার অবসান, পুজোর আগে স্বস্তি। KMRCL-এর উদ্যোগে চাবি পেলেন কয়েকটি পরিবার।

Share:

ব্যুরো নিউজ, ৮ অক্টোবর ২০২৬: উবাজারের দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটল। ২০১৯ সালের ৩১ আগস্ট হাওড়া-শিয়ালদহ মেট্রো প্রকল্পের কাজের জেরে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন এই এলাকার মানুষজন। মেট্রোর সুড়ঙ্গ তৈরির সময় একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়, যার ফলে বহু পরিবারকে রাতারাতি ঘর ছাড়তে হয়। সেই থেকে ভাড়া বাড়িতেই দিন কাটছিল তাঁদের, নিজেদের ভিটেমাটিতে ফেরার স্বপ্ন দেখছিলেন প্রতিটি মুহূর্তে। অবশেষে পুজোর ঠিক মুখেই সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)-এর উদ্যোগে নতুন করে তৈরি করা ২৪টি বাড়ির মধ্যে প্রথম ধাপে সাতটি পরিবারের হাতে তাদের নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হল। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, বিধায়ক সজল ঘোষ এবং প্রাক্তন পুরপিতা বিশ্বরূপ দে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেট্রো পরিষেবা চালু হয়ে গেলেও দুর্গা পিতুরি লেনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ঘরে ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল। সাত বছর ধরে ভাড়াবাড়িতে থাকার যন্ত্রণা এবং অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে নিজেদের ঠিকানায় ফিরতে পেরেছেন তাঁরা। এই ঘটনা বউবাজারের অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মনেও আশার সঞ্চার করেছে। নিজেদের বাড়িতে ফিরে আসার এই মুহূর্তটি তাঁদের কাছে এক নতুন জীবনের সূচনা।