রেকর্ড ১২০ ঘণ্টারও কম সময়ে চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ, খুলল ১৮ মাসের জট

চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হল রেকর্ড ১২০ ঘণ্টারও কম সময়ে, ১৮ মাসের জট কাটিয়ে দু'দফায় দ্রুত এগোল প্রকল্প। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ দীর্ঘ ১৮ মাস ধরে আটকে থাকার পর অবশেষে রেকর্ড গতিতে সম্পন্ন হল চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) গুরুত্বপূর্ণ কাজ। মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে দু’দফায় এই কাজ শেষ করেছে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)। এর ফলে অরেঞ্জ লাইনের একটি বড় অংশের জট কাটল।

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রথম দফায় গত ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা সময় বরাদ্দ ছিল। এই সময়ে ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের মধ্যে ২৮ মিটার দীর্ঘ একটি ভায়াডাক্ট সফলভাবে বসানো হয়। এই কাজের জন্য ইএম বাইপাসের উল্টোডাঙাগামী লেন আংশিক বন্ধ রেখে যান নিয়ন্ত্রণ করা হয়েছিল। এক সপ্তাহ বিরতির পর দ্বিতীয় ধাপের কাজ শুরু হয় ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত, আবারও ৬০ ঘণ্টার উইন্ডো ব্যবহার করে। এই দফায় ৩১৮ ও ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৩৪ মিটার দীর্ঘ ভায়াডাক্ট বসানো হয়। দু’দফায়, মোট ১২০ ঘণ্টায়, ৩১৭ থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত মোট ৬২ মিটার ভায়াডাক্ট বসানোর কাজ পুরোপুরি শেষ হয়েছে।

আরভিএনএল জানিয়েছে, এই অংশের কাজ শেষ হওয়ায় অরেঞ্জ লাইনের মোট ৩৬৬ মিটার অংশের মধ্যে ৬২ মিটার সম্পন্ন হল, যার জন্য আর ট্র্যাফিক ব্লক করার প্রয়োজন হবে না। যদিও চিংড়িঘাটা ক্রসিংয়ের পূর্বদিকে কয়েকটি পিলারের মধ্যে কংক্রিট ডেক বসানোর সময় যানবাহন ঘোরানোর জন্য একটি নতুন ৬০ মিটার রাস্তা তৈরি করা হবে। সল্টলেক বাইপাসের ধারের খালের পাশ দিয়ে এটি তৈরি হওয়ার সম্ভাবনা। কলকাতা পুলিশ ও আরভিএনএল ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করেছে। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের শেষেই চিংড়িঘাটা অংশে মেট্রো পরিষেবা শুরু হয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।