মুখ্যমন্ত্রীর জনতা দরবারে চাকরিপ্রার্থীদের ঢল, নিয়োগ দুর্নীতি ও উচ্চতা নিয়ে অভিযোগ

মুখ্যমন্ত্রীর জনতা দরবারে শিক্ষক ও পুলিশ চাকরিপ্রার্থীদের ভিড়। নিয়োগ দুর্নীতিতে OMR প্রকাশ ও মহিলাদের উচ্চতা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের দাবি।

Share:

ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ : সল্টলেকে বিজেপির কার্যালয়ে আয়োজিত ‘জনতার দরবার’-এ সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এই অনুষ্ঠানে বহু মানুষের ভিড় দেখা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিলেন বিভিন্ন পদে চাকরিপ্রার্থীরা। শিক্ষক ও পুলিশ নিয়োগের ক্ষেত্রে একাধিক সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন তাঁরা। শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা OMR-এর নম্বর প্রকাশ এবং যোগ্যতার মাপকাঠিতে নতুন করে নিয়োগের দাবি জানিয়েছেন।

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চ’-এর আহ্বায়ক সুমন বিশ্বাস জানান, ২২ লক্ষ চাকরিপ্রার্থীর OMR প্রকাশ, OMR-এর ভিত্তিতে প্রাপ্ত নম্বর, অ্যাকাডেমিক এবং ন্যূনতম ১০ নম্বরের ভিত্তিতে নিয়োগের জন্য তাঁদের দীর্ঘদিনের লড়াই চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ফ্রেশ সিলেকশন হয়নি বলে অভিযোগ তাঁদের। তাঁরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নবান্নে একটি বৈঠকের আবেদনও জানিয়েছেন। অন্যদিকে, পুলিশে চাকরির ক্ষেত্রে মহিলাদের উচ্চতা সংক্রান্ত সমস্যা তুলে ধরেন সুস্মিতা ধাড়া নামে এক চাকরিপ্রার্থী।

তিনি জানান, পশ্চিমবঙ্গের জনগণনা অনুযায়ী এখানকার মেয়েদের গড় উচ্চতা ১৫১.১ সেন্টিমিটার হলেও, পুলিশে নিয়োগের ক্ষেত্রে ১৬০ সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়, যা অনেকটাই বেশি। কেন্দ্রের পুলিশ নিয়োগে এই মাপকাঠি ১৫৭ সেন্টিমিটার। এই উচ্চতার মাপকাঠির কারণে বহু যোগ্য মহিলা পুলিশে যোগ দিতে পারছেন না। চাকরিপ্রার্থীরা আশা করছেন, নতুন সরকার তাঁদের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ করবে এবং স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা চালু করবে। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ শুনছেন, এই বিষয়টিকেও তাঁরা ইতিবাচক বলে মনে করছেন।