ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ পার্ক সার্কাসে সমাজবিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর সরকারের আমলে পুলিশের ওপর হামলা আর কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। রবিবার রাজ্য সরকারের ‘বুলডোজার নীতি’র প্রতিবাদে পার্ক সার্কাস চত্বরে বিক্ষোভ চলাকালীন পুলিশের ওপর ইটবৃষ্টি ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সোমবার আহত পুলিশকর্মী ও সিআরপিএফ জওয়ানদের খোঁজ নিতে ডিসি অফিসে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি এই কড়া বার্তা দেন।
মুখ্যমন্ত্রী বলেন, “যে কোনও রকম অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটি বা ভ্যান্ডালিজম (ভাঙচুর) করলে এই সরকার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় যাবে। গোটা পরিস্থিতির ওপর ক্লোজ মনিটর করা হবে।” তিনি আরও বলেন, “যদি কেউ মনে করে থাকেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে আর পুলিশকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে— তাহলে ভুল করবেন।” পুলিশের প্রতি তাঁর স্পষ্ট নির্দেশ, দলমত, ধর্ম বা সম্প্রদায় না দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে। “অ্যাকশন নিতে গেলে পুলিশকে যেন পাঁচ বার ভাবতে না হয়,” মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এবার পশ্চিমবঙ্গ তথা কলকাতাতেও তা বন্ধ হবে। দোষীদের শুধু গ্রেফতার নয়, শাস্তি নিশ্চিত করা পর্যন্ত সরকার ক্লোজ মনিটরিং করবে। তাঁর চূড়ান্ত বার্তা, “আপনারাও কান খুলে শুনে নিন, এটাই শেষ ঘটনা। এর পর এমন ঘটনা ঘটলে, আমার থেকে খারাপ কোনও পুলিশমন্ত্রী হবে না।” এই ঘটনার পর রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত স্পষ্ট।








