অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে কলেজ স্ট্রিট, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলেজ স্ট্রিটের বইপাড়ায় উচ্ছেদ নয়, ভোলবদল। অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই এলাকা। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন সরকারের বিস্তারিত পরিকল্পনা।

Share:

ব্যুরো নিউজ, ৩০ জুন ২০২৬ঃ হকার উচ্ছেদ ঘিরে যখন রাজ্যজুড়ে জল্পনা তুঙ্গে, তখন কলেজ স্ট্রিটের বইপাড়া নিয়েও তৈরি হয়েছিল উদ্বেগ। ফুটপাতে থাকা কয়েকশো দোকানের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা দেখা দিলেও, রাজ্য সরকার এবার তাদের সুস্পষ্ট পরিকল্পনা জানাল। সম্প্রতি রাজ্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই বিষয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেছেন। গত রবিবার আসানসোলের জেলা গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, কলেজ স্ট্রিটকে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘আমরা নির্দিষ্ট দফতরকে জানিয়েছি এই পরিকল্পনা বাস্তবায়িত করতে। ট্রাম চলবে, রাস্তা হবে দূষণমুক্ত, সাইকেল চালানোর জন্য থাকবে আলাদা লেন। কোলাহলমুক্ত পরিবেশে গান শুনতে হলে হেডফোন ব্যবহার করতে হবে। বর্তমানে যে আধুনিক আলো রয়েছে, তা বদলে পুরোনো দিনের ঐতিহ্যবাহী আলো লাগানো হবে। কলেজ স্ট্রিটের রাস্তায় ঘুরে আমি যে স্বপ্ন দেখেছিলাম, সেটাই বাস্তবে রূপ দিতে চাই।’ অগ্নিমিত্রা পাল আরও বলেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে বই পড়ার আগ্রহ কমছে, তারা মোবাইলের প্রতি বেশি আসক্ত।

এই প্রবণতা বদলাতে এবং কলকাতা বইমেলাকে দেশের সেরা বইমেলা হিসেবে তুলে ধরতে কলেজ স্ট্রিটের এই ভোলবদল অত্যন্ত জরুরি। এর মাধ্যমে একদিকে যেমন কলেজ স্ট্রিট আবার নতুন করে সেজে উঠবে, তেমনি মানুষের মধ্যে বইপ্রীতি বাড়বে ও জ্ঞানের নতুন দিশা খুলে যাবে বলেই মনে করা হচ্ছে। এই উদ্যোগ কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।