ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ তৎপরতায় মঙ্গলবার তাঁর গোপন আস্তানা থেকে তাঁকে আটক করা হয়। এই গ্রেফতারিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
সূত্রের খবর, বিধাননগর পুর এলাকার একাধিক নিয়োগ ও টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিবিআই ও ইডির স্ক্যানারে ছিলেন। গত চার মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নাকি তিনি নিরুদ্দেশ ছিলেন। বারবার জিজ্ঞাসাবাদের পরেও তাঁর খোঁজ মিলছিল না। সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেতা সুজিত বসুর গ্রেফতারির পর রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সরাসরি দেবরাজ চক্রবর্তীর নাম তুলে ধরেছিলেন। তিনি দাবি করেছিলেন, সুজিত বসুর পর এবার দেবরাজ চক্রবর্তীর পালা। তরুণজ্যোতি তিওয়ারির সেই ইঙ্গিতই যেন এবার অক্ষরে অক্ষরে মিলে গেল। গ্রেফতারি এড়াতে দেবরাজ চক্রবর্তী নাকি বেশ কিছুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন এবং ফোনও বন্ধ রেখেছিলেন।
মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁর ডেরায় হানা দেয় এবং সেখান থেকেই তাঁকে পাকড়াও করে। দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারি তৃণমূলের অস্বস্তি আরও বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষত যখন পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি ও সিবিআইয়ের তৎপরতা তুঙ্গে, তখন এই গ্রেফতারি শাসকদলের উপর চাপ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় বিরোধী শিবির নতুন করে শাসকদলকে আক্রমণ করার সুযোগ পেয়েছে।








