ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬: ফের মর্মান্তিক ঘটনা দীঘার সমুদ্রে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সলিল সমাধির রেশ কাটতে না কাটতেই এবার দীঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন কলকাতার এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। মৃত যুবকের নাম চিরঞ্জিত সরকার, তিনি বাগুইহাটির বাসিন্দা বলে জানা গেছে।
সূত্রের খবর, তীব্র গরমের কারণে সপ্তাহান্তে ছুটি কাটাতে দীঘায় গিয়েছিলেন চিরঞ্জিত। দীঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখার পর তিনি সমুদ্রে স্নান করতে নামেন। দুপুর নাগাদ সমুদ্রে নামতেই ঢেউয়ের তোড়ে তলিয়ে যান এই পর্যটক। সমুদ্রের পাড়ে উপস্থিত অন্যান্য পর্যটক ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ চেষ্টার পর চিরঞ্জিতকে জল থেকে উদ্ধার করা হলেও, শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা রাহুলের মৃত্যুর পর দীঘা প্রশাসন পর্যটকদের সতর্ক করতে তৎপর হয়েছিল। বারবার মাইকিং করে সাবধান করা হলেও, বহু পর্যটকই অসতর্ক হয়ে জলে নামেন। এই সতর্কতার অভাবে দীঘার সমুদ্র সৈকতে মৃতের সংখ্যা বাড়ছে। কলকাতার যুবকের এই মৃত্যুর পর প্রশাসন ফের নড়েচড়ে বসেছে এবং পর্যটকদের সব রকম সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ জানাচ্ছে। এখন দেখার, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়।








