কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি, আফ্রিকা ফেরত যাত্রীদের উপর বিশেষ নজরদারি ইবোলা আতঙ্কে

কলকাতা বিমানবন্দরে ইবোলা ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা। আফ্রিকা ফেরত যাত্রীদের উপর নজরদারি বাড়ানো হল। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ ক্রমশ বাড়ছে ইবোলা ভাইরাসের প্রকোপ। আফ্রিকা মহাদেশের কঙ্গো, দক্ষিণ সুদান এবং উগান্ডা—এই তিন দেশে ইবোলা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ভারত সরকার বিশেষ সতর্কতা জারি করেছে। খুব প্রয়োজন না থাকলে ওই দেশগুলিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দরেও বিশেষ নজরদারি শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা  ইবোলা পরিস্থিতিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক সীমান্তগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। সেই নির্দেশিকা মেনেই দমদম বিমানবন্দরে আফ্রিকা ফেরত যাত্রীদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে।

বিদেশ থেকে, বিশেষ করে আফ্রিকার দেশগুলি থেকে ফেরা যাত্রীদের মধ্যে ইবোলা-র উপসর্গ দেখা দিলে তাঁদের সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র জমা দিতে বলা হচ্ছে। ইবোলা ভাইরাস একটি অত্যন্ত মারাত্মক সংক্রামক রোগ, যার হঠাৎ জ্বর, দুর্বলতা, মাথাব্যথা, গলা ব্যথা এবং ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা যায়। এই রোগের কোনও টিকা বা নির্দিষ্ট ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি। যদিও রাজ্যে এখনও পর্যন্ত ইবোলা আক্রান্ত কোনও রোগী শনাক্ত হয়নি, তবুও আগাম সতর্কতা হিসেবে স্বাস্থ্য দপ্তর প্রতিটি রাজ্যকে র‍্যাপিড রেসপন্স টিম  প্রস্তুত রাখতে বলেছে। সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ, সংরক্ষণ এবং পরীক্ষার জন্য নির্দিষ্ট নির্দেশিকাও অনুসরণ করা হচ্ছে।