ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ দশ দিনের দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তি পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। এর ফলে তাঁর জেলমুক্তির পথে আর কোনও আইনি বাধা রইল না। খুব শীঘ্রই তিনি কারাগার থেকে মুক্ত হবেন বলে জানা গিয়েছে। আদালত দু’হাজার টাকার বন্ডে গর্গ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছে।
শর্ত হিসেবে বলা হয়েছে, তাঁকে সপ্তাহে একবার মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে এবং তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। ময়দান থানার মামলার পর এবার সাইবার থানার মামলায় জামিন পাওয়ায় তাঁর মুক্তি নিশ্চিত হল। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ইভিএম (EVM) নিয়ে গর্গের কিছু মন্তব্যই তাঁর বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভোট চলাকালীন তিনি অভিযোগ তুলেছিলেন, রাতে সিল করে রাখার পরেও গণনার সময় কেন ইভিএম বিকল হচ্ছে। এমনকি, ‘বেলার দিকে নির্বাচন কমিশনের বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে’ বলেও সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন। ভোটারদের উদ্দেশে তিনি ভিভিপ্যাট খতিয়ে দেখার পরামর্শ দিয়েছিলেন।
কমিশনের অভিযোগ ছিল, এই ধরণের মন্তব্য নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমানসে বিভ্রান্তি ছড়িয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘বাংলা পক্ষ’ মূলত বাঙালি অস্মিতা এবং হিন্দি আধিপত্যবাদের বিরোধিতাকে হাতিয়ার করে প্রচার চালায়। রাজনৈতিক মহলে তাঁর বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগও রয়েছে। এই গ্রেফতারি অনেক প্রশ্ন তুলেছিল।








