ব্যুরো নিউজ, ১০ জুন ২০২৬ : বাংলার অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া (Howrah Station)-এর সার্বিক পরিবহণ ব্যবস্থার উন্নয়নে এক যুগান্তকারী প্রস্তাব দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই। গত শনিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে তিনি এই পরিকল্পনা পেশ করেন। জানা গিয়েছে, হাওড়া রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে গঙ্গার ফেরিঘাট থেকে দিঘা বাসস্ট্যান্ড অবধি বিস্তৃত এলাকাকে আন্তর্জাতিক মানের আধুনিক পরিবহণ হাবে রূপান্তর করার কথা বলা হয়েছে।
এই প্রস্তাবের মূল লক্ষ্য হল যাত্রীদের জন্য একটি সমন্বিত এবং সুগম পরিবহণ ব্যবস্থা তৈরি করা। এই প্রস্তাবে একটি সমন্বিত মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরির কথা বলা হয়েছে, যেখানে স্কাইওয়াক, মাল্টি স্টোরেড পার্কিং, অত্যাধুনিক বাস ও ট্যাক্সি টার্মিনাল সহ একাধিক সুযোগ-সুবিধা থাকবে। বিধায়ক উমেশ রাই জানান, পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত পরিবহণ কেন্দ্র হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করেন। রেল, ফেরি বা ট্যাক্সি ব্যবহারকারী যাত্রীদের আধুনিক পরিকাঠামোর অভাবে অনেক সময় সমস্যার মুখে পড়তে হয়। বিশেষত, স্টেশন থেকে বেরিয়ে বাসস্ট্যান্ড বা ফেরিঘাটে পৌঁছনোর ক্ষেত্রে অনেকেই দিশাহারা হন। এই সমস্যা দূর করতে স্কাইওয়াক ও চলন্ত সিঁড়ির মাধ্যমে সরাসরি ট্যাক্সিস্ট্যান্ড, বাসস্ট্যান্ড, ফেরিঘাট ও পার্কিং জোনে পৌঁছনোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি, নির্দিষ্ট পিক আপ অ্যান্ড ড্রপ জোন সহ উন্নত মানের ট্রাফিক ব্যবস্থার কথাও বলা হয়েছে।
হাওড়া স্টেশন চত্বরে দীর্ঘদিনের যানজট ও পার্কিং সংক্রান্ত সমস্যা দূর করতেও এই প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। উমেশ রাই জানিয়েছেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী এই প্রস্তাবগুলিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। এই প্রস্তাব বাস্তবায়িত হলে হাওড়া পূর্ব ভারতের অন্যতম আধুনিক পরিবহণ কেন্দ্রে পরিণত হবে, যা নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে।








