ব্যুরো নিউজ, ৭ অক্টোবর ২০২৬: ভারতে নতুন করে কট্টরপন্থী ইসলামিক জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিকে সতর্ক করল ইজরায়েল। সম্প্রতি ফ্লাই দুবাইয়ের ইজরায়েলগামী বিমানের ককপিটে ঘটে যাওয়া ঘটনার পর বিশ্বজুড়ে যে আতঙ্ক ছড়িয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই সতর্কতা জারি করা হয়েছে। ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রভেন আজার জানিয়েছেন, সন্ত্রাসবাদীরা প্রশাসন ও নিরাপত্তা এজেন্সিগুলির চেয়ে দ্রুত নিজেদের শক্তিশালী করে তুলছে এবং নতুন কৌশল অবলম্বন করছে।
তাঁর আশঙ্কা, খুব শীঘ্রই নতুন করে জঙ্গি হামলার ঢেউ আছড়ে পড়তে পারে, যা মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে সহযোগিতা জরুরি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আজার জোর দিয়ে বলেন, “সন্ত্রাসবাদীরা আমাদের চেয়ে দ্রুতগতিতে কাজ করছে! আর তাই আমাদেরও ওদের চেয়ে দ্রুত হতে হবে। আমাদের তৎপর ও সতর্ক থাকা দরকার। পরবর্তী ঢেউয়ের চেয়ে এগিয়ে থাকতে হলে আমাদের দ্রুত পদক্ষেপ করতে হবে। আর সেই পরবর্তী ঢেউ আসবেই।” এদিন ইজরায়েলে হামাসের হামলার তিন বছর পূর্ণ হল, সেই প্রেক্ষিতেই তেল আভিভ এই গুরুতর সতর্কতা জারি করেছে। তিনি আরও উল্লেখ করেন, হামাসের গত তিন বছর আগের ‘কীর্তি’ অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকেও উৎসাহিত করেছিল, যার প্রভাব পহেলগাঁও হামলার মতো ঘটনাগুলিতেও দেখা যেতে পারে। ইজরায়েলি রাষ্ট্রদূতের এই সতর্কবার্তার পর ভারতের নিরাপত্তা এজেন্সিগুলি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।
দেশের বিভিন্ন বিমানবন্দর, বিশেষত কলকাতার দমদম বিমানবন্দর-সহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। সম্ভাব্য যে কোনও হুমকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থাগুলি নিবিড়ভাবে কাজ করছে। দেশের সুরক্ষায় এখন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং নাগরিকদেরও সতর্ক থাকতে বলা হচ্ছে।








