ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ শুক্রবার ভোর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের দাপট দেখা যায়। এই প্রাকৃতিক দুর্যোগের জেরে কলকাতা বিমানবন্দরে বড়সড় বিপত্তি ঘটে। বজ্রপাতে আহত হয়েছেন তিন জন গ্রাউন্ড স্টাফ। একইসঙ্গে ইন্ডিগোর একটি উড়ানের পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪০-এর মধ্যে কলকাতা বিমানবন্দর এলাকায় তীব্র বজ্রপাত হয়।
সেই সময় ৫৬এল অ্যারোব্রিজের কাছে একটি এমিরেটস বিমানকে পুশব্যাক করার কাজ চলছিল। বাজ পড়ায় বিমানটিকে টেনে নিয়ে যাওয়া গাড়ির চালক আহত হন। একই সময়ে ইন্ডিগোর একটি বিমানে মালপত্র তোলার কাজ করছিলেন আরও দুই গ্রাউন্ড স্টাফ। বজ্রপাতের কারণে তাঁরাও আহত হন। যদিও তাঁদের আঘাত গুরুতর নয় এবং বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসার পর তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বজ্রপাতের কারণে ইন্ডিগোর আগরতলাগামী একটি উড়ানেও সমস্যা দেখা দেয়। টেকঅফের ঠিক আগে বজ্রপাতে উড়ানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এই পরিস্থিতিতে সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ইন্ডিগোর অন্য একটি বিমানে তাঁদের আগরতলায় পাঠানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও, বেঙ্গালুরু থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়ানকে খারাপ আবহাওয়ার কারণে ভুবনেশ্বরে ঘুরিয়ে অবতরণ করানো হয়। রাতভর চলা বৃষ্টি ও বজ্রপাতের জেরে কলকাতা বিমানবন্দর-সহ জেলার বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়েছে।








