রামকৃষ্ণপুর ঘাটে ‘কলকাতা আই’ ও ৬০ ফুটের দুর্গা কাঠামো, পরিদর্শনে মন্ত্রী উমেশ রাই

হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে তৈরি হচ্ছে 'কলকাতা আই' ও ৬০ ফুটের দুর্গা কাঠামো। মন্ত্রী উমেশ রাই পরিদর্শনে, দুর্গাপুজোর আগেই কাজ শেষের লক্ষ্য।

Share:

ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ঃ হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে এবার তৈরি হতে চলেছে ‘কলকাতা আই’। একই সঙ্গে সেখানে স্থাপন করা হবে ৬০ ফুট উঁচু একটি ধাতব দুর্গা কাঠামো এবং দুটি ধাতব ধুনুচি। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই বৃহস্পতিবার বিকেলে কলকাতা বন্দরের আধিকারিক ও রাজ্য সরকারের ইঞ্জিনিয়ারদের নিয়ে রামকৃষ্ণপুর ঘাট পরিদর্শনে যান। প্রাথমিক ভাবে এই প্রকল্পের জন্য ১.৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার চলতি বছরের দুর্গাপুজোর আগেই এই কাজ শেষ করতে চাইছে। কলকাতা বন্দরের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে বলে জানা গেছে।

মন্ত্রী উমেশ রাই জানান, সৌন্দর্যায়নের মাধ্যমে দুর্গা মায়ের শক্তিকে তুলে ধরার জন্যই এই দুর্গা মূর্তি স্থাপন করা হচ্ছে। তিনি আরও বলেন, পুজোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে এলে তিনিও এই দুর্গামূর্তি দর্শন করতে পারেন। হাওড়া শহরকে ‘কুলি শহর’ বলে যে কটাক্ষ করা হয়, সেই বদনাম ঘুচিয়ে এটিকে একটি আধুনিক ও বিকশিত শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনাতেই সরকার এগোচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ‘কলকাতা আই’ তৈরির কথা বলা হলেও তা বাস্তবায়িত হয়নি। প্রথমে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন্সে এবং পরে মিলেনিয়াম পার্কে এর প্রস্তাব থাকলেও, এবার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটেই এটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে হাওড়ার একাধিক ঘাটের সৌন্দর্যায়নের কাজও হবে।