ব্যুরো নিউজ, ৭ জুলাই ২০২৬: এবার দূরপাল্লার ট্রেন বা লোকাল ট্রেনের মতোই কলকাতা মেট্রো পরিষেবাতেও আনা হল কড়া নিয়ম। যাত্রীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ‘জন বিশ্বাস আইন, ২০২৬’ চালু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রাজ্যে সরকার পরিবর্তনের পর একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবেই এই নতুন আইন আনা হয়েছে।
এই আইন অনুযায়ী, বিনা টিকিটে যাতায়াত করলে বা মেট্রো চত্বরে নিয়মবিরুদ্ধ কাজ করলেই যাত্রীদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এতদিন বিনা টিকিটে ধরা পড়লে ২৫০ টাকা জরিমানা দিতে হত, যা এখন বেড়ে ৫০০ টাকা হয়েছে। শুধু তাই নয়, কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্বে ভ্রমণ করলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। একজন যাত্রী গেট পার হওয়ার সময় যদি তাঁর সঙ্গে আরেকজনও একই গেট দিয়ে বেরিয়ে যান, তাহলে ওই ব্যক্তিকে বিনা টিকিটের যাত্রী হিসেবে ধরা হবে এবং জরিমানা নেওয়া হবে। মেট্রো স্টেশনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ; কেউ এই নিয়ম ভাঙলে ২,০০০ টাকা জরিমানা করা হবে এবং টিকিট বাজেয়াপ্ত করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে আদালতে হাজির করানো হবে এবং ৫,০০০ টাকা পর্যন্ত ফাইন হতে পারে। এছাড়াও, মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের বিরক্ত করলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় শাস্তির ব্যবস্থা করা হয়েছে।
মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার বা অসভ্য আচরণ করলে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আবেদন, সকল যাত্রী যেন এই নতুন নিয়ম মেনে চলেন এবং নিরাপদ ও নির্বিঘ্ন পরিষেবা বজায় রাখতে সহযোগিতা করেন।








