ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ঃ আন্তর্জাতিক যোগ দিবস ও NEET-UG পরীক্ষার কারণে আগামী রবিবার, ২১ জুন কলকাতায় অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ দিনটিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ভোর ৪টে থেকে পরিষেবা শুরু হবে। সাধারণত ছুটির দিন হলেও আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ অনুষ্ঠান এবং NEET-UG পরীক্ষার জন্য এই রবিবার সকালে যাত্রীদের ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে। এই অতিরিক্ত ভিড় সামাল দিতেই মেট্রো কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
মেট্রো রেল সূত্রে খবর, ২১ জুন ব্লু লাইনে মোট ২১৪টি পরিষেবা (১০৭টি আপ এবং ১০৭টি ডাউন) চালানো হবে, যা সাধারণ রবিবারের ১৫২টি পরিষেবার তুলনায় অনেকটাই বেশি। ভোর ৪টে থেকে সকাল ৮টার মধ্যে আপ ও ডাউন—উভয় অভিমুখেই ১৪ থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনেও ১০৮টির পরিবর্তে ১৭৩টি পরিষেবা (৮৭টি আপ এবং ৮৬টি ডাউন) চালু থাকবে। এই লাইনে ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত উভয় অভিমুখে ১০ থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে, এরপর থেকে রবিবারের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিষেবা মিলবে। ইয়েলো লাইনেও পরিষেবার সংখ্যা বাড়ানো হয়েছে। ৭৮টির পরিবর্তে মোট ১১২টি পরিষেবা (৫৬টি আপ ও ৫৬টি ডাউন) পাওয়া যাবে।
ভোর ৪:১৮ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত আপ ও ডাউন উভয় অভিমুখে ১৮ থেকে ২০ মিনিটের ব্যবধানে মেট্রো চলাচল করবে। এরপর থেকে স্বাভাবিক সময়সূচি বজায় থাকবে। তবে, কোনও লাইনেই শেষ মেট্রো পরিষেবার সময়সূচির কোনও পরিবর্তন হবে না। উল্লেখ্য, এই দিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








