ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ কলকাতা পুরসভাকে ঘিরে বেআইনি নির্মাণ বিতর্ক যখন তুঙ্গে, ঠিক সেই সময় চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপির এক কাউন্সিলর। ৪৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সন্তোষ পাঠকের দাবি, পুরসভার ট্রেজারি বিল্ডিং থেকে রাতের অন্ধকারে গুরুত্বপূর্ণ সরকারি নথি পাচার করার চেষ্টা চলছে। তিনি জানান, গত চার-পাঁচ দিন ধরে তিনি এই ধরনের খবর পাচ্ছেন যে বিভিন্ন দফতর থেকে পুরনো ফাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানো হচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাই করতে তিনি পুরসভার সচিব কিশোর কুমার বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন এবং রাতের সময়ে ট্রেজারি বিল্ডিংয়ে নজরদারি বাড়ানোর আবেদন জানান। পরে সচিবকে সঙ্গে নিয়ে তিনি ভবনটি ঘুরেও দেখেন।
বিজেপি নেতার অভিযোগ, তৃণমূল পরিচালিত বোর্ডের আমলের নানা অনিয়ম ও বেআইনি কাজের সঙ্গে যুক্ত নথিগুলি গোপনে সরানোর চেষ্টা চলছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই তৎপরতার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা হতে পারে। সন্তোষ পাঠক আরও বলেন, “আগে ওরা নবান্ন থেকে সব সরাতে চেয়েছিল। কিন্তু ওখানে সিআরপিএফ ছিল। এখানে তো নেই। ভোটের আগে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে তো ২০০-৩০০ প্ল্যান বেরিয়েছে নিয়ন বহির্ভূতভাবে। হতে পারে এখন সেগুলি সরানোর চেষ্টা হচ্ছে।” সাম্প্রতিক সময়ে কলকাতা পুরসভাকে ঘিরে একের পর এক বিতর্ক সামনে এসেছে, যার মধ্যে এটি নতুন মাত্রা যোগ করল।








