নিট প্রশ্নপত্র ফাঁস: রণক্ষেত্র ধর্মতলা, পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে উত্তাল কলকাতা

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে উত্তাল কলকাতা। ধর্মতলায় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র সমাজের প্রতিবাদ।

Share:

ব্যুরো নিউজ, ২৪ জুলাই ২০২৬ : নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে উত্তাল কলকাতা। শুক্রবার শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এদিন শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ছাত্র সংগঠনগুলি। ভারতের ছাত্র ফেডারেশন (SFI) ও বাম ছাত্র সংগঠনের ডাকে এই মিছিলে যোগ দেন শহরের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সঙ্গে ছিলেন ককরোচ জনতা পার্টির সদস্যরাও। দুপুর ৩টে ১০ মিনিটে শিয়ালদহ থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিল ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ের কাছে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে।

আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে লাঠিচার্জ করা হয়। এর প্রতিবাদে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে জুতো ও বোতল ছোড়েন। ওঠে ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ও র‍্যাফ (RAF) মোতায়েন করা হয়। আন্দোলনকারীদের মূল দাবি, অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তাদের অভিযোগ, নিট-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে, যা দেশের ছাত্র সমাজের ভবিষ্যৎ নষ্ট করছে। এই আন্দোলন শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ নয়, দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে।

এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বৃহস্পতিবার মাঝ রাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা দিয়ে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নতুন আইনের প্রতিশ্রুতি দিতে হয়েছে। ২৬ দিন অনশন ভাঙলেও সোনাম ওয়াংচুকের আন্দোলন থামেনি। শুক্রবার রাতে ছাত্রদের সংগঠন ‘রাত জাগো’ কর্মসূচিরও ডাক দিয়েছে।