৯ ভাঙা পাঁজর নিয়ে নিট পুনঃপরীক্ষা দিলেন কলকাতার সৃষ্টি, কেন্দ্রীয় মন্ত্রীর বিশেষ ব্যবস্থাপনায়

পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েও নিট পুনঃপরীক্ষা দিলেন কলকাতার সৃষ্টি দুবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিশেষ ব্যবস্থাপনায় হাসপাতালেই পরীক্ষা দেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা নিট পরীক্ষার্থী সৃষ্টি দুবে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিশেষ ব্যবস্থাপনায় রবিবার নিট-ইউজি পুনঃপরীক্ষা দিলেন। গত ১৪ জুন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সৃষ্টির অন্তত ৯টি পাঁজর ভেঙে যায় এবং ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁর একটি বড় ভাস্কুলার সার্জারি করতে হয়েছিল। কৃত্রিম ভেন্টিলেশনে থাকার পর সবেমাত্র তিনি সুস্থ হয়ে উঠছিলেন। এমন পরিস্থিতিতে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সৃষ্টি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর বাবা শ্রীরাম শিবাজী দুবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে মেয়ের জন্য বিশেষ ব্যবস্থাপনার আবেদন জানান।

সেই আবেদনে সাড়া দিয়ে ধর্মেন্দ্র প্রধান ব্যক্তিগতভাবে সৃষ্টির বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। মন্ত্রীর হস্তক্ষেপে দক্ষিণ কলকাতার বিনোদিনী গার্লস হাইস্কুলে সৃষ্টির জন্য নজিরবিহীন ব্যবস্থা করা হয়। সাধারণ পরীক্ষার্থীদের থেকে আলাদা একটি ঘরে সৃষ্টির পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। পরীক্ষার সময় তাঁর জরুরি চিকিৎসার জন্য ডাক্তার ও প্যারামেডিক্যালের একটি দল এবং স্কুলের বাইরে একটি ‘স্ট্যান্ডবাই’ অ্যাম্বুলেন্স মজুত রাখা হয়েছিল।

গ্রাউন্ড ফ্লোরে বসার আসন এবং বুক থেকে তরল বের করার ‘চেস্ট ড্রেন’ সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সঙ্গে রাখার বিশেষ অনুমতিও দেওয়া হয়। সৃষ্টির বাবা মন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর সমর্থন ছাড়া মেয়ের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব হত না। চিকিৎসকদের পরামর্শ ও নবান্ন এবং কেন্দ্রের সমন্বয়ে এই বিশেষ ব্যবস্থা সফল হয়। প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে বাতিল হওয়া গত ৩ মে-র পরীক্ষার পর রবিবার কড়া নিরাপত্তায় দেশজুড়ে নিট ২০২৬-এর পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হয়।