সল্টলেক-নিউ টাউন রুটে ট্রাম চালুর ভাবনা, কলকাতার ঐতিহ্য ফেরাতে উদ্যোগী রাজ্য

কলকাতায় ট্রাম পরিষেবা পুনরুজ্জীবিত করতে রাজ্য সরকারের বড় পরিকল্পনা। সল্টলেক-নিউ টাউন রুটে ট্রাম চালুর ভাবনা, ইউনেস্কো স্বীকৃতিরও চেষ্টা।

Share:

ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। পরিবহণ দফতর সূত্রে খবর, পুরনো ট্রাম রুটগুলিকে পুনরায় সচল করার পাশাপাশি ভবিষ্যতে সল্টলেক ও নিউ টাউনের মতো পরিকল্পিত এলাকায় ট্রাম পরিষেবা চালুর ভাবনা নিয়ে এগোচ্ছে রাজ্য। পরিবেশবান্ধব গণপরিবহণকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সম্প্রতি রাজ্যের পরিবহণ

মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, প্রথম পর্যায়ে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম নেটওয়ার্ককে পুনর্গঠনের কাজ চলছে। বর্তমানে যে অল্প কয়েকটি রুটে ট্রাম চলছে, সেখানে পরিষেবার মান উন্নত করা হবে। সেই কাজ সম্পূর্ণ হওয়ার পর সল্টলেক ও নিউ টাউন পর্যন্ত ট্রাম পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোবে সরকার। ট্রাম পরিষেবাকে আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে ফের চালু করার জন্য বিশেষ রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাইটসকে।

সরকারের মতে, ট্রাম শুধু কলকাতার ঐতিহ্যের অংশ নয়, এটি দূষণমুক্ত ও টেকসই গণপরিবহণ হিসেবেও গুরুত্বপূর্ণ। শহরের যানজট কমানো এবং পরিবেশ রক্ষার স্বার্থে ট্রামকে ফের সক্রিয় করার উপর জোর দেওয়া হচ্ছে। পরিবহণ মন্ত্রীর কথায়, একটি ট্রামে যতজন যাত্রী চলাচল করতে পারেন, তা তিনটি বাসের থেকেও বেশি। ভবিষ্যতে মেট্রো রেলের সঙ্গে ট্রাম নেটওয়ার্ককে সংযুক্ত করা গেলে কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনা সম্ভব হবে।

এছাড়াও, কালীঘাট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত হুগলি নদী এবং আদি গঙ্গার পাশ দিয়ে নতুন ট্রামলাইন নির্মাণ সম্ভব কি না, তা নিয়ে পরিবহণ দফতর ও রাইটস যৌথভাবে সম্ভাব্যতা যাচাই করছে। দুর্গাপুজোর মতো ট্রামকেও ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাইয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। এই উদ্যোগগুলি সফল হলে কলকাতার ঐতিহ্য যেমন বিশ্বমঞ্চে আরও মর্যাদা পাবে, তেমনই শহরের পরিবহণ ব্যবস্থার নতুন পরিচয়ও তৈরি হবে।