ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ : কলকাতা থেকে ট্রাম সরানোর নেপথ্যে ‘জমির স্বার্থ’ কাজ করছে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাসবিহারীর বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত। তাঁর দাবি, শহরের ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা তুলে দেওয়ার পিছনে রয়েছে বড় হাউজিং প্রকল্প বা শপিং মল তৈরির পরিকল্পনা। বিধায়ক বলেন, কলকাতার রাস্তা থেকে একের পর এক ট্রাম রুট বন্ধ হয়ে যাওয়ায় শহরের ঐতিহ্য ক্রমশ হারিয়ে যাচ্ছে।
স্বপন দাশগুপ্তের মতে, ট্রাম সরানোর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, এক ধরনের ভুল আধুনিকীকরণের চিন্তাভাবনা, যেখানে পুরনো ট্রামকে অপ্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, ট্রামডিপোগুলির বিশাল জমির দিকে অনেকের নজর রয়েছে। তিনি অভিযোগ করেন, এই জমিগুলি দখল করে বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চলছে। বিধায়ক আরও বলেন, যখন বিশ্বের বহু শহরে পরিবেশবান্ধব পরিবহণের উপর জোর দেওয়া হচ্ছে, তখন কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার কোনো মানে হয় না। তাঁর কথায়, শহরের অনেক জায়গা থেকেই ইতিমধ্যেই ট্রামলাইন তুলে ফেলা হয়েছে, ফলে ভবিষ্যতে আবার নতুন করে ট্রাম চালু করা কঠিন হয়ে যাবে।
স্বপন দাশগুপ্ত মনে করেন, ট্রাম শুধু পরিবহণ নয়, কলকাতার আবেগ ও ঐতিহ্যের সঙ্গেও জড়িত। হাওড়া ব্রিজের মতোই ট্রামের ছবিও কলকাতার পরিচয়ের অংশ। তিনি এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার উপর জোর দেন। বিধায়ক জানান, যারা ট্রাম তুলে অন্য কিছু তৈরির পরিকল্পনা করছে, তারা সহজে পিছিয়ে আসবে না, তাই ট্রাম বাঁচানোর লড়াই এখনও চালিয়ে যেতে হবে।








