ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ কলকাতা পুরসভা এবং লালবাজারের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কলকাতা পুলিশের বিভিন্ন কিয়স্ক, মহিলা পরিচালিত পিঙ্ক বুথ এবং ট্রাফিক সিগন্যাল বোর্ডে পুরসভার অনুমোদন ছাড়াই বিজ্ঞাপন লাগানো হয়েছে। এই পরিস্থিতিতে পুর কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ করেছে। শহরের বেশ কয়েকটি পুলিশ কিয়স্ক ও পিঙ্ক বুথে নোটিস সাঁটিয়ে দিয়েছে পুরসভা।
পুরসভা সূত্রে খবর, নতুন বিজ্ঞাপন নীতি অনুযায়ী, এই বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ অবৈধ। সংশ্লিষ্ট বিজ্ঞাপনদাতা সংস্থাগুলিকে সাত দিনের মধ্যে বিজ্ঞাপন বা বিজ্ঞাপনের কাঠামো খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, পুরসভার বিজ্ঞাপন বিভাগ নিজেই সেগুলি খুলে ফেলবে বা ভেঙে দেবে। পুর কর্তারা জানিয়েছেন, শহরের সাতটির মতো বুথে ইতিমধ্যেই নোটিস লাগানো হয়েছে। নয়া বিজ্ঞাপন নীতি অনুযায়ী, শহরে যেকোনো সরকারি বা বেসরকারি বিজ্ঞাপন প্রদর্শনের জন্য পুরসভার অনুমতি বাধ্যতামূলক। এমনকি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরও বিজ্ঞাপন দিলে পুরসভাকে জানায়। কিন্তু এক্ষেত্রে পুলিশ কর্তৃপক্ষের তরফে এই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ।
পুর আধিকারিকরা জানান, লালবাজারের তরফে এখনও পর্যন্ত পুরসভার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তবে নোটিস পাওয়ার পর কিছু বিজ্ঞাপনদাতা সংস্থা পুরসভার দ্বারস্থ হয়েছে। তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অনুমোদন ছাড়া বিজ্ঞাপন দেওয়া যাবে না। আগে অনুমোদনের জন্য আবেদন করতে হবে, যা পরবর্তীকালে বিবেচনা করা হবে। অতীতেও রাজ্য সরকারের সঙ্গে পুরসভার বিজ্ঞাপন নীতি নিয়ে মতানৈক্য হয়েছিল, যা নিয়ে চিঠি চালাচালিও হয়। পুরসভার এক কর্তা বলেন, রাজ্য সরকারের অনুমোদনেই পুরসভার বিজ্ঞাপন নীতি সিলমোহর পেয়েছে।








