বর্ষার আগেই জল জমার আতঙ্ক, কলকাতা পুরসভার প্রস্তুতি নিয়ে উঠছে প্রশ্ন

বর্ষা আসন্ন, অথচ কলকাতা পুরসভার প্রস্তুতি নিয়ে প্রশ্ন। জল জমার পুরনো আতঙ্ক ফের সামনে, সময়মতো পদক্ষেপ না হওয়ায় উদ্বেগ বাড়ছে শহরবাসীর।

Share:

ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ আর কিছু দিনের মধ্যেই রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে, কিন্তু তার আগেই কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বর্ষাকালীন প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণত মে মাসের শুরু থেকেই পুরসভা বর্ষার মোকাবিলার জন্য তৎপর হয়ে ওঠে। নিকাশি ব্যবস্থার সংস্কার, ম্যানহোল পরিষ্কার এবং সম্ভাব্য জল জমার স্থানগুলি চিহ্নিত করে পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু এ বছর এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও বড় বৈঠক হয়নি বলে জানা গেছে।

পুরসভা সূত্রে খবর, মেয়র ফিরহাদ হাকিম পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে বৈঠক করার নির্দেশ দিলেও, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর ফলে নিকাশি বিভাগে উদ্বেগ বাড়ছে। উত্তর ও মধ্য কলকাতার অনেক এলাকাতেই প্রতি বছর বর্ষায় জল জমে ভোগান্তি সৃষ্টি হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ জুনের মধ্যে রাজ্যে বর্ষা আসতে পারে। পুরসভার একাংশের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে। মেয়র ও পুর কমিশনারের মধ্যে দূরত্ব থাকায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হচ্ছে। গত বছরও ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়েছিল এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছিল। সেই সময় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবারও একই পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন শহরবাসী।