টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, পুরসভার তৎপরতা ও হেল্পলাইন নম্বর

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। পুরসভার তৎপরতা, পাম্প বসিয়ে জল নামানোর কাজ। কোথায় কত বৃষ্টি, রইল বিস্তারিত খবর ও হেল্পলাইন তথ্য।

Share:

ব্যুরো নিউজ, ১৯জুন ২০২৬ঃ শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকা। শহরের প্রধান রাস্তাঘাট থেকে শুরু করে নিচু এলাকাগুলিতে জমেছে জল, যার ফলে ব্যাহত হয়েছে জনজীবন ও যান চলাচল। কলকাতা পুরসভা দ্রুত পাম্প বসিয়ে জল নামানোর কাজ শুরু করেছে এবং একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্য। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।

তিনি জানিয়েছেন, যে সকল নাগরিক অসুবিধায় পড়ছেন, তাঁরা যেন কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের ওয়েবসাইটেও অভিযোগ জানান। বিশেষ করে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক সেক্টর ফাইভ, ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট এবং ইএম বাইপাসের মুকুন্দপুর, নয়াবাদ, কালিকাপুর অঞ্চলে জল জমেছে। আরজি কর হাসপাতাল চত্বরেও জল ঢুকে যাওয়ায় রোগীদের সমস্যায় পড়তে হচ্ছে। ভবানীপুরের নর্দান পার্কেও হাঁটু সমান জল দেখা যায়। আলিপুর চিড়িয়াখানায় নিকাশি পাইপ ফেটে যাওয়ায় চিড়িয়াখানার একাংশও জলমগ্ন হয়, যেখানে মন্ত্রী নিজে গিয়ে দ্রুত নিকাশির ব্যবস্থা করার নির্দেশ দেন।

পুরসভার তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে বীরপাড়া এলাকায় ৮৮ মিমি, বেলগাছিয়া এলাকায় ৯৫ মিমি, ধাপা এলাকায় ৯০ মিমি, উল্টোডাঙা এলাকায় ৮৯ মিমি এবং পাগলাডাঙা এলাকায় সর্বোচ্চ ১১৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও দুপুরের পর শহরের কিছু মূল রাস্তায় জল নামতে শুরু করেছে, তবে আবহাওয়া দফতর শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই পরিস্থিতিতে পুরসভা ও প্রশাসন সতর্ক রয়েছে এবং নাগরিকদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।