ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ঃ দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলল লেকটাউনবাসী। সোমবার সকাল থেকেই কলকাতার ভিআইপি রোডের লেক টাউন মোড়ে লিওনেল মেসির ৭০ ফুট উঁচু মূর্তিটি সরানোর কাজ শুরু করে প্রশাসন। সম্প্রতি মূর্তিটি হাওয়ায় দুলতে থাকায় নিরাপত্তার খাতিরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এবার ক্রেন ও অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে মূর্তিটি নিরাপদে অপসারণ করা হল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এবং পিডব্লিউডি-র বিশেষজ্ঞরা মূর্তিটি পরীক্ষা করে এটিকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। গত সপ্তাহে প্রবল হাওয়ায় মূর্তিটি বিপজ্জনকভাবে দুলতে দেখা যায়, যা আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপরই প্রশাসন মূর্তিটির পিছনের রাস্তা, সামনের ফ্লাইওভার এবং পাশের মাঠ দু’সপ্তাহ ধরে বন্ধ রাখে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূর্তিটি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে সংরক্ষিত রাখা হবে। অসংখ্য ভক্তের আবেগ জড়িয়ে থাকায় এটিকে অক্ষত অবস্থায় নামানো ছিল পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের কাছে এক বড় চ্যালেঞ্জ। সোমবার সকাল থেকে বাঁশের খাঁচা তৈরি করে এবং বিশেষ সতর্কতা অবলম্বন করে মূর্তি নামানোর কাজ শুরু হয়। এই ঘটনায় লেকটাউন মোড়ে সাময়িক যানজটের সৃষ্টি হলেও, অবশেষে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মনে।








