ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া শিবিরের বৈঠক চেয়েছেন। সম্প্রতি বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামলে এখনও নিজেদের ঘর গুছিয়ে উঠতে পারেনি তৃণমূল। দলের অভ্যন্তরে ফাটলের ইঙ্গিত এবং কিছু নেতা-নেত্রীর মন্তব্য অস্বস্তি বাড়াচ্ছে। এই প্রেক্ষাপটেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করছেন।
রবিবার দুপুরে ফেসবুক লাইভ করে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন। তিনি বলেন, “ইন্ডিয়া শিবির একসঙ্গে বসার চেষ্টা করছি জুনের প্রথম সপ্তাহে। আরও যে বিজেপি বিরোধী দলগুলি আছে তাদের সঙ্গেও কথা বলব। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নেওয়া হবে। বিজেপির মুখোশ খোলার জন্য যতদূর যাওয়ার ততদূর যাব।” তবে এই বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিজেপি। দলের এক শীর্ষ নেতা কটাক্ষ করে বলেন, “ইন্ডি-জোটের প্রধান দল কংগ্রেস। তারাই তো এখন তৃণমূল ভাঙাতে চাইছে। শনিবার কলকাতায় কংগ্রেসের শীর্ষ নেতারাই বলেছেন, আমাদের দরজা খোলা আছে। এই কংগ্রেসের সঙ্গে বৈঠক করে মমতার লাভ কী হবে! হয়তো দশ জন মিলে দিল্লিতে বৈঠক করতে গেলেন। ফিরলেন একাই।”
মমতা অবশ্য মনে করছেন, তৃণমূলের এই ‘খারাপ সময়’ যাঁরা দল ছাড়ার তোড়জোড় করছেন, তাঁরা চলে গেলেই ভালো। এ প্রসঙ্গে ফেসবুক লাইভে তিনি বলেন, “যাঁরা বেনোজলে ভেসে গিয়েছেন, তাঁদের বেনোজলে ভেসে যেতে দিন। এঁরা চলে গেলে দলের কোনও ক্ষতি হবে না। বিজেপি-ই এঁদের টার্গেট করে তৃণমূলে ঢুকিয়েছিল। আবার তাঁরা আসল জায়গায় ফিরে যাচ্ছেন।”







