ভোট-পরবর্তী প্রথম কর্মসূচিতেই বিশৃঙ্খলা, ধর্মতলায় ভাষণ থামালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটের পর প্রথম কর্মসূচিতেই বিশৃঙ্খলা, ধর্মতলায় ভাষণ থামালেন মমতা। তৃণমূল কর্মীদের উত্তেজনা ও পুলিশের সঙ্গে বচসায় উত্তাল হয় ধর্নামঞ্চ।

Share:

ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ বিধানসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ উঠল মঙ্গলবার দুপুরে। ধর্মতলার ওয়াই চ্যানেলে আয়োজিত এই কর্মসূচিতে উত্তেজনার জেরে ভাষণও থামাতে বাধ্য হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

দুপুরে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে রেড রোডে পৌঁছে প্রথমে বিআর আম্বেডকরের মূর্তিতে মালা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক প্রবীণ তৃণমূল নেতা। সেখান থেকে তিনি পৌঁছন ওয়াই চ্যানেলে দলের ধর্নামঞ্চে, যেখানে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্নার অনুমতি ছিল।

অভিযোগ, কর্মসূচি শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই বিশৃঙ্খলা তৈরি হয়। কর্মসূচিতে উপস্থিত তৃণমূলকর্মীদের কারণেই উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পাল্টা পুলিশের বিরুদ্ধে সরব হন তৃণমূলের নেতা-কর্মীরা। পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলে তাঁরা স্লোগান দিতে শুরু করেন। এই বিশৃঙ্খলা ও চিৎকারের জেরে তৃণমূলনেত্রীর ভাষণ শোনা যাচ্ছিল না। বাধ্য হয়ে তাঁকে ভাষণ থামাতে হয়। পরে তিনি দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দেন।

ধর্মতলার এই কর্মসূচি থেকে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। তাঁর অভিযোগ, বিজেপি তৃণমূলকে ভাঙার ষড়যন্ত্র করছে এবং ‘বেআইনি ভাবে আমাদের বিধায়ক, কাউন্সিলর, দলীয় প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে।’ সংবিধান রক্ষার অঙ্গীকার করে তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।