কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান অনুষ্ঠান: প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে যোগাভ্যাস, জনসমাগম ৩৫ হাজার ছাড়াল

কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৫ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করলেন মোদী। শহরজুড়ে ১০ লক্ষ মানুষের অংশগ্রহণ।

Share:

ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ আজ ২১শে জুন, ২০২৬, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রধান জাতীয় অনুষ্ঠানে যোগাভ্যাস করলেন কমপক্ষে ৩৫ হাজার মানুষ। ভোর সাড়ে ৬টা নাগাদ প্রধানমন্ত্রী রেড রোডে এসে পৌঁছলে তাঁকে ঢাক ও ছৌ নাচের মাধ্যমে স্বাগত জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়ক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাজ্যে পালাবদলের পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান জাতীয় অনুষ্ঠান পালিত হল। কলকাতার রেড রোড চত্বর জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আসার আগেই সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে, যা অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। রেড রোডের মূল অনুষ্ঠানের পাশাপাশি, শহরজুড়ে কলকাতার বিভিন্ন প্রান্তে আয়োজিত হয়েছিল আরও একাধিক যোগাভ্যাস কর্মসূচি। প্রশাসনিক সূত্রে খবর, এই সমস্ত সেশনে মোট প্রায় ১০ লক্ষ মানুষ অংশ নিয়েছেন। যোগ সংস্থা, স্কুল-কলেজের পড়ুয়া, মহিলা, প্রবীণ নাগরিক-সহ সমাজের নানা স্তরের মানুষ এই উদ্যোগে শামিল হন। ২০১৫ সালে নয়া দিল্লির রাজপথে প্রথমবার এই কর্মসূচির সূচনা হয়েছিল।

এরপর দেশের বিভিন্ন শহরে আয়োজনের পর এবার সেই মর্যাদা পেল কলকাতা। গত ১১ বছরে আন্তর্জাতিক যোগ দিবসের পরিধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি এখন শুধু একটি বার্ষিক অনুষ্ঠান নয়, বরং সুস্থ জীবনযাপন ও মানসিক-আত্মিক ভারসাম্য গড়ে তোলার এক বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে। বিশ্বের ১৯০টিরও বেশি দেশে দিনটি গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে, যা যোগচর্চার ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রমাণ।