চিংড়িঘাটার পর এবার হলদিরাম মোড়েও অরেঞ্জ মেট্রোর জট কাটল! দু’বছরের বাধা কাটিয়ে অবশেষে কাজ শুরুর অনুমতি

দু'বছরের বাধা কাটিয়ে অবশেষে হলদিরাম মোড়ে অরেঞ্জ মেট্রোর কাজ শুরুর অনুমতি মিলল। চিংড়িঘাটার পর এবার ভিআইপি রোডেও দ্রুত গতি পাবে বিমানবন্দরমুখী মেট্রো প্রকল্প।

Share:

ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ঃ কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজে দীর্ঘদিনের জট কাটল। চিংড়িঘাটা এলাকার পর এবার ভিআইপি রোডের হলদিরাম মোড় সংলগ্ন এলাকায় নির্মাণকাজের অনুমতি পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। প্রায় দু’বছর ধরে আটকে থাকা এই গুরুত্বপূর্ণ অংশের কাজ শুরু হওয়ার ফলে বিমানবন্দরমুখী অরেঞ্জ লাইনের বাকি অংশের কাজও দ্রুত গতি পাবে বলে আশা করা হচ্ছে।

মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) ইতিমধ্যেই একটি একমুখী রাস্তা তৈরির কাজ শুরু করেছে। প্রায় ১৭৫ মিটার দীর্ঘ এবং ৯ মিটার চওড়া এই নতুন রাস্তা ভিআইপি রোডকে চিনার পার্কের সঙ্গে যুক্ত করবে। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী মাসের মধ্যেই এই রাস্তা যান চলাচলের উপযোগী হয়ে উঠবে। হলদিরাম উড়ালপুল সংলগ্ন এলাকায় অরেঞ্জ লাইনের শেষ দুটি গুরুত্বপূর্ণ পিলার (P816 এবং P817) নির্মাণ বহুদিন ধরে আটকে ছিল। নতুন রাস্তা তৈরি হয়ে গেলে ট্রাফিকের চাপ অনেকটাই কমবে এবং পিলার তৈরির কাজ নির্বিঘ্নে করা যাবে।

কর্তৃপক্ষের দাবি, এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও প্রায় তিন মাস সময় লাগতে পারে। হলদিরাম মোড়ের জটিল বাঁক এবং উড়ালপুলের অবস্থানের কারণে এখানে বিশেষ নকশার দুই-পায়ার পিলার নির্মাণের প্রয়োজন হয়েছে। নতুন রাস্তা চালু হয়ে গেলে ট্রাফিক ব্যবস্থাপনা অনেক সহজ হবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অরেঞ্জ লাইনের এই অংশের কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে। ফলে ভবিষ্যতে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর পথ আরও একধাপ এগিয়ে গেল।