ব্যুরো নিউজ, ২৭ জুন ২০২৬ঃ টালিগঞ্জের বিজেপি বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী হাসপাতালে ভর্তি। শনিবার তাঁর ডান হাতের মধ্যমায় একটি মাইক্রো সার্জারি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাঙুর হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। বিধায়কের সোশ্যাল মিডিয়া পেজ থেকেই এই খবরটি জানানো হয়েছে এবং হাসপাতালের বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে।
পাপিয়া অধিকারী জানিয়েছেন, তাঁর ডান হাতের মধ্যমায় গুরুতর সংক্রমণ হয়েছিল। এই সংক্রমণের ফলে আঙুলটি ফুলে ওঠে এবং তিনি তীব্র যন্ত্রণায় ডান হাত নাড়াতে পারছিলেন না। চিকিৎসকরা জানান, আর কিছুদিন দেরি হলে আঙুলটি কেটে বাদ দিতে হতে পারতো, তাই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ৪০ মিনিট ধরে এই অস্ত্রোপচার চলে বলে খবর। বাঙুর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন পাপিয়া অধিকারী।
তিনি বলেন, ‘আমি টালিগঞ্জের বাসিন্দা হওয়ায় বাঙুর আমার সবথেকে কাছের সরকারি হাসপাতাল। এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। অপারেশন থিয়েটারে সুব্যবস্থা রয়েছে এবং খুবই যত্ন সহকারে আমার চিকিৎসা হয়েছে।’ পাপিয়া অধিকারীর অসুস্থতার খবরে টলিপাড়া থেকে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাঁর সতীর্থ ও অনুগামীরা উদ্বেগ প্রকাশ করেন। তবে অস্ত্রোপচারের পর তিনি আপাতত ভালো আছেন বলেই জানিয়েছেন বিধায়ক। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে।








