ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতা চিকিৎসকের মা তথা পানিহাটির নবনির্বাচিত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। রাজ্যের প্রশাসনিক প্রধানের চেয়ারে বসার পর থেকেই শুভেন্দু অধিকারী আরজি করের ঘটনায় তিলমাত্র আপস করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন। সদ্যই প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পর এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ। এদিন সকালেই রত্না দেবনাথ সমাজ মাধ্যমে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সেই পোস্টে তিনি লেখেন, “আজ আমি এখন নবান্নের চোদ্দ তলায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী।” মেয়ের বিচারের জন্য লড়াইয়ের বার্তা দিয়ে তিনি বলেন, “সততার শক্তি অনেক। শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়।” প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আরও লেখেন, “আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি। আর উনি ওনার চোদ্দ তলার গদি হারিয়েছেন।” তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নবান্ন থেকে বেরনোর সময় রত্না দেবনাথ জানান, বিনীত গোয়েলদের মতো শীর্ষ পুলিশ কর্তাদের সাসপেনশনের সিদ্ধান্ত তাঁদের মনে দীর্ঘদিন পর সুবিচারের আশা জাগিয়েছে। বিগত সরকারের আমলে যে সুবিচার তাঁরা পাননি, তা এই নতুন জমানায় মিলবে বলে তাঁরা দৃঢ় বিশ্বাসী। রাজনৈতিক মহল মনে করছে, নতুন সরকার আরজি কর কাণ্ডের শেষ দেখে ছাড়তে বদ্ধপরিকর।








