ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় ফের নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালের এই চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ইতিমধ্যেই আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে নির্যাতিতার পরিবার নতুন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নবগঠিত ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে (CBI) আরজি করের সেমিনার রুমটি দ্রুততার সঙ্গে সিল করার নির্দেশ দিয়েছে।
এদিন শুনানির শুরুতেই আদালত স্পষ্ট জানিয়ে দেয়, নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলার শুনানিই সবার আগে হবে। এরপরই সিবিআই-এর আইনজীবীকে তদন্তের অগ্রগতি নিয়ে একাধিক কড়া প্রশ্নের মুখে দাঁড় করান বিচারপতিরা। আদালত জানতে চায়, সিবিআই প্রথম তদন্তভার হাতে নেওয়ার সময় হাসপাতালের ঠিক কোন কোন জায়গা সিল করেছিল। সিবিআই জানায়, শুধুমাত্র নির্দিষ্ট সেমিনার হলটি সিল করা হয়েছিল, অন্য কোনও জায়গা নয়।
তদন্তকারীদের এই উত্তরের পরেই হাইকোর্ট জানতে চায়, মাঝের এই সময়ে আরজি করের সেই মূল ঘটনাস্থলের সিল কোনও ভাবে খোলা হয়েছিল কিনা। সামগ্রিক পরিস্থিতি ও তথ্যপ্রমাণ সুরক্ষার কথা বিবেচনা করে হাইকোর্টের পর্যবেক্ষণ, আরজি করের ওই সেমিনার রুমটি যেন ফের দ্রুত ও নিশ্ছিদ্রভাবে সিল করে দেওয়া হয়। কোনও ভাবেই যাতে সেখানে তথ্যপ্রমাণ বা ক্রাইম সিনের কোনও ক্ষতি না হয়, তা নিশ্চিত করতেই এই নির্দেশ। তদন্তের গভীরতা এবং পরিবারের তোলা প্রশ্নগুলির গুরুত্ব বিচার করে হাইকোর্টের বিশেষ বেঞ্চ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে।








