ব্যুরো নিউজ, ১০ জুন ২০২৬ : বীরভূমের সাংসদ শতাব্দী রায়, যিনি দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, সম্প্রতি লোকসভায় তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের নতুন ব্লকে যোগ দিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন। এই সিদ্ধান্তের পর তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছিল। অবশেষে নীরবতা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।
শতাব্দী রায় জানিয়েছেন, তিনি কাউকে ডাকেননি, বরং তাঁর সঙ্গেই যোগাযোগ করা হয়েছিল। তাঁর কথায়, এই ব্লক তৈরি হয়েছে দলের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা দিতে, যেখানে তাঁদের মতামত গুরুত্ব পাচ্ছিল না। তিনি বলেন, পরামর্শ না শুনেও যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সমস্যা নেই। কিন্তু ভুলের পর ভুল হলে এবং সেই ভুলকেই সমর্থন করা হলে সেখানে থাকা কঠিন হয়ে যায়। দলের বিভিন্ন সমস্যার কথা জানানো হলেও সেগুলির সমাধানে কোনও পদক্ষেপ নেওয়া হত না, এই অভিযোগও তোলেন তিনি। প্রতিবাদকারীদের ‘গদ্দার’ বলা ঠিক নয় বলেও মন্তব্য করেন শতাব্দী। তাঁর মতে, দলের ভিতরের সমস্যাগুলো গুরুত্ব না দিলে অসন্তোষ তৈরি হওয়াই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা এখনও অটুট। তিনি বিশ্বাস করতে পারেন না যে তিনি আর মমতার সঙ্গে নেই। তবে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মমতার সঙ্গে তাঁর কোনও সরাসরি কথা হয়নি, যা তাঁর অভিমান আরও বাড়িয়েছে। শতাব্দী মনে করিয়ে দেন, ২০০৯ সালে তিনি যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন, তখন দল ক্ষমতায় ছিল না। তাই শুধু সাফল্যের সময় নয়, কঠিন সময়েও তিনি দলের পাশে ছিলেন।
নতুন বিজেপি সরকারের প্রশংসা করে শতাব্দী রায় বলেন, নির্বাচনের সময় তিনি ভেবেছিলেন অনেক প্রতিশ্রুতিই হয়তো শুধু ভোটের প্রচার। কিন্তু সরকার গঠনের পর দ্রুত কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত এবং অন্নপূর্ণা যোজনা। তিনি মনে করেন, সরকারের শুরুটা ভালো হয়েছে এবং তাদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে। দিল্লিতে বৈঠকের সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে এবং তাঁকে একজন লড়াকু নেতা হিসেবেও প্রশংসা করেন শতাব্দী।









