আত্মসমর্পণ নয়, দেখা করতে এসেছি: ইডির দফতরে হাজির কুখ্যাত ‘সোনা পাপ্পু’

আত্মসমর্পণ নয়, দেখা করতে এসেছি: কুখ্যাত 'সোনা পাপ্পু' ইডির দফতরে হাজির। প্রোমোটিং সিন্ডিকেট, বেআইনি জমি দখল সহ একাধিক অভিযোগের জেরে তল্লাশি।

Share:

ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ  দীর্ঘ লুকোচুরির পর অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দিলেন কুখ্যাত প্রোমোটার বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আত্মসমর্পণ নয়, দেখা করতে এসেছি’।

গত ফেব্রুয়ারি মাসে রবীন্দ্র সরোবর এলাকায় একটি গন্ডগোলের ঘটনায় নাম জড়ানোর পর থেকেই পলাতক ছিলেন সোনা পাপ্পু। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ও কসবার ত্রাস হিসেবে পরিচিত পাপ্পুর বিরুদ্ধে প্রোমোটিং সিন্ডিকেট নিয়ন্ত্রণ, বেআইনি জমি দখল, হুমকি ও তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে। গত এপ্রিলে পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা নগদ, একটি বিলাসবহুল গাড়ি এবং কোটি কোটি টাকার সম্পত্তির নথি উদ্ধার করেছিল ইডি।

তদন্তে নেমে ইডি জানতে পারে, পাপ্পুর অপরাধের জাল বেশ গভীরে। এই মামলার সূত্রেই পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাস এবং ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করা হয়। তাঁদের জেরা করে পাপ্পুর সঙ্গে আর্থিক লেনদেনের যোগসূত্র উঠে আসে। ইডি সূত্রে খবর, পলাতক থাকাকালীন হাওয়ালার মাধ্যমে পাপ্পুর কাছে টাকা পৌঁছাত। সোমবার ইডি-র একটি বিশেষ দল তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জয় কামদার এবং ধৃত পুলিশকর্তার বয়ানের সঙ্গে পাপ্পুর বয়ান মিলিয়ে দেখা হচ্ছে।