ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হওয়ার পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই আইনি লড়াইয়ে নামলেন। নিজের গ্রেফতারিকে বেআইনি আখ্যা দিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ইডি-র ভূমিকা ও কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার অভিযোগ এনেছেন সুজিত বসু। তাঁর গ্রেফতারি এবং ইডি-র দায়ের করা ইসিআইআর (ECIR)-এর সম্পূর্ণ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে এই পালটা মামলা দায়ের করা হয়েছে।
আদালত সূত্রে খবর, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই হাইপ্রোফাইল মামলার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুজিত বসুর আইনজীবীরা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তাঁদের দাবি, ইডি-র ইসিআইআর আইনসম্মত নয় এবং গ্রেফতারির প্রক্রিয়াটিও আদালতের নির্দেশিকার পরিপন্থী। দীর্ঘদিন ধরে রাজ্যের একাধিক পুরসভায় কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি। তদন্তকারীদের দাবি, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি এবং আর্থিক লেনদেনের সঙ্গে সুজিত বসুর যোগসূত্র মিলেছে।
চলতি বছরের শুরুতে তাঁর শ্রীভূমির বাসভবনে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক মহলের মতে, সুজিত বসুর এই আইনি পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। আইনজীবীরা তাঁর অন্তর্বর্তীকালীন জামিন অথবা ইডি-র কড়া পদক্ষেপের ওপর স্থগিতাদেশ চাইতে পারেন। ইডি-ও পাল্টা হলফনামা দিয়ে গ্রেফতারির সপক্ষে জোরালো প্রমাণ পেশ করার প্রস্তুতি নিচ্ছে। সারা রাজ্যের রাজনৈতিক ও আইনি মহলের নজর এখন এই শুনানির দিকে।








