ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথমবার কলকাতা পুরসভায় পা রাখলেন শুভেন্দু অধিকারী। সোমবার পুরসভার ‘স্বচ্ছতা সে স্বাগত’ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ মুখ দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ এবং ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাজরী বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন শুভেন্দুর এই অনুষ্ঠানে।
এছাড়াও, মঞ্চে দেখা যায় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং জুঁই বিশ্বাসকে। শশী পাঁজার মেয়ে এবং চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সহ প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারও এই অনুষ্ঠানে যোগ দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন সদ্য ইস্তফা দেওয়া কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়। সন্দীপন সাহা ও জাভেদ খানও ছিলেন মঞ্চে। অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলরদের উপস্থিতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “প্রশাসক সবাইকে ডেকেছেন। আমরা সবাইকে নিয়ে রাজ্যের উন্নতি চাই।”
তিনি আরও যোগ করেন যে, রাজনীতি শুধুমাত্র নির্বাচনের সময় হওয়া উচিত। তাঁর কথায়, “কোনো বিধায়ক যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, আমি তাঁর সঙ্গে দেখা করব না? দল দেখব?” পুর কমিশনারের গ্রুপে প্রাক্তন কাউন্সিলরদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তাঁরা সেই আমন্ত্রণ রক্ষা করে এসেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। নতুন সরকার আসার পর থেকে বিভিন্ন প্রশাসনিক সভায় দল নির্বিশেষে জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যেখানে বহু তৃণমূল বিধায়ক ও সাংসদ উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন এবং ওয়ার্ড পুনর্বিন্যাসের আশ্বাস দিয়েছেন।








