ব্যুরো নিউজ, ৮জুন ২০২৬ঃ সোমবার সকালে তোলবাজি ও শ্লীলতাহানির অভিযোগে ধৃত তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তদন্তের স্বার্থে অভিযুক্তকে সশরীরে তাঁর ফ্ল্যাটে এনে এই তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
বেশ কিছুদিন আগে স্টুডিও পাড়ায় ভয় দেখানো, তোলবাজি, কাটমানি আদায় এবং শ্লীলতাহানির মতো একাধিক গুরুতর অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলাতেই আজ তদন্তকারীরা এই বড়সড় পদক্ষেপ নিলেন। তল্লাশি চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য গোটা বহুতল ও সংলগ্ন এলাকা কড়া নজরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেফাজতে থাকা স্বরূপ বিশ্বাসের বয়ানে কিছু অসঙ্গতি মেলায় তাঁর ফ্ল্যাট থেকে তোলবাজি সংক্রান্ত কোনো গোপন ডায়েরি, আর্থিক লেনদেনের নথি বা ডিজিটাল প্রমাণ পাওয়া যায় কিনা, তা খতিয়ে দেখতে এই আকস্মিক তল্লাশি। টলিপাড়ার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ কলাকুশলীদের স্বার্থে প্রশাসনের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এই তল্লাশি থেকে মামলার কোনো নতুন তথ্য সামনে আসে কিনা, সেদিকেই এখন সকলের নজর।








