ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি ও তোলাবাজির পাশাপাশি তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে, যা কলকাতার রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। রিজেন্ট পার্ক থানায় এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ২০২৪ সালের মার্চ মাসে এবং চলতি বছরের ৯ মে বিশ্বজিৎ মণ্ডল তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন। শুধু শ্লীলতাহানিই নয়, তাঁকে হুমকি দেওয়া এবং অশালীন ভাষায় অপমান করার অভিযোগও উঠেছে।
অভিযোগকারিণীর বয়ান, সংশ্লিষ্ট তথ্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখার পরই পুলিশ কাউন্সিলরকে গ্রেফতার করেছে। বিশ্বজিৎ মণ্ডল রাজনৈতিক মহলে পরিচিত মুখ। তিনি টানা তিনবার ১১৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন, ২০১০ সাল থেকে এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নিজের অবস্থান মজবুত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে টালিগঞ্জ এলাকার রাজনীতিতে সক্রিয় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। সাম্প্রতিক সময়ে কলকাতা পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গ্রেফতারির ঘটনা শাসকদলের উপর রাজনৈতিক চাপ বাড়াচ্ছে।
গত কয়েক সপ্তাহে ১২৩ নম্বর ওয়ার্ডের সুদীপ পোল্লেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর ২ জুন একই ধরনের অভিযোগে গ্রেফতার হন ৩৬ নম্বর ওয়ার্ডের শচীন সিংহ এবং ১০৬ নম্বর ওয়ার্ডের অরিজিৎ দাস। এবার সেই তালিকায় যুক্ত হল বিশ্বজিৎ মণ্ডলের নাম। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বারবার তুলে ধরেছেন।
প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সামনে এলে আইন তার নিজস্ব গতিতেই চলবে। পুলিশ প্রশাসনকে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তদন্তকারীরা ধৃত কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন। আদালতের রায়ের উপরই এই অভিযোগের সত্যতা শেষ পর্যন্ত নির্ভর করবে।








