ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ কলকাতার রাজনীতিতে ফের নতুন করে জল্পনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী পার্টি অফিস খালি করার নির্দেশ ঘিরে। মডার্ন ডেকরেটিং-এর কর্ণধার মন্টু সাহা, যিনি একসময় শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তিনিই এবার ইএম বাইপাসের ধারে মেট্রোপলিটন এলাকার বহুতল ভবনটি আগামী দু’মাসের মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ভবনটি দীর্ঘদিন ধরে তৃণমূলের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তপসিয়ার পুরনো দলীয় কার্যালয় ভেঙে নতুন অত্যাধুনিক ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়। সেই সময় থেকেই বাইপাস সংলগ্ন এই বহুতলটি তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। মন্টু সাহা একসময় রাজ্যের অন্যতম প্রভাবশালী ইভেন্ট কন্ট্রাক্টরে পরিণত হয়েছিলেন এবং তৃণমূলের বিভিন্ন বড় সভা, মঞ্চ ও সরকারি অনুষ্ঠানে তাঁর সংস্থার ডেকোরেটিংয়ের জিনিস ব্যবহার করা হত।
সম্প্রতি মন্টু সাহা দলীয় নেতৃত্বের কাছে পাঠানো চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভবনটি সম্পূর্ণ খালি করে দিতে হবে। যদিও এতদিন এই পার্টি অফিসের জন্য কোনও ভাড়া নেওয়া হত কিনা, তা নিশ্চিত নয়। বিরোধীরা এই ঘটনাকে কটাক্ষ করে বলছে, সরকারি কাজের বরাত পাওয়ার বিনিময়েই ভবনটি বিনামূল্যে ব্যবহার করতে দেওয়া হয়েছিল। মন্টু সাহা নিজেও অভিযোগ করেছেন, “টাকাই দিত না, একটা কাজের অর্ডার দিলে দুটো কাজ ফ্রিতে করিয়ে নিত, ৪০ লাখের ইফতার পার্টির পুরো টাকা মেলেনি।”
তৃণমূল অবশ্য জানিয়েছে, তপসিয়ায় নতুন পার্টি অফিসের নির্মাণকাজ প্রায় শেষ এবং সেটি প্রস্তুত হলেই অস্থায়ী কার্যালয় ছেড়ে দেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।








