ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ কলকাতার মেট্রোপলিটন এলাকার অস্থায়ী তৃণমূল ভবন থেকে আসবাবপত্র সরানোর কাজ শুরু হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মালিকপক্ষ মনোতোষ সাহা ওরফে মন্টু সাহা, যিনি ভোটের আগে পর্যন্ত তৃণমূলের মঞ্চ তৈরির বরাত পেতেন, তিনি ভবনটি খালি করার জন্য নোটিস দিয়েছেন বলে জানা গেছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, দলের তরফ থেকেই আসবাব সরানো হচ্ছে। মঙ্গলবার রাত থেকে ভবনের একতলা ও দোতলা থেকে চেয়ার, টেবিল, ফ্লেক্স ও ব্যাকড্রপ সরানোর কাজ শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকটি পণ্যবাহী গাড়ি রাতে মালপত্র নিয়ে বেরিয়েও গেছে। তৃণমূলের সঙ্গে মন্টু সাহার ২০২৭ সাল পর্যন্ত চুক্তি ছিল বলে খবর। তবে বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পর থেকেই মন্টু সাহা বাড়িভাড়া নিয়ে বেঁকে বসেছেন বলে অভিযোগ। এই টানাপোড়েনের মধ্যে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন মন্টু সাহা।
পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য থানায় হাজির হয়ে ভাড়ার রসিদ জমা দেন। উত্তর পঞ্চান্নগ্রামে পুরনো তৃণমূল ভবন সংস্কারের কাজ শেষ না হওয়ায় এই বাড়িটি অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এবার সেখানে পাকাপাকি তালা পড়ার আশঙ্কা করা হচ্ছে। পুরনো ভবন সংস্কারের পর নতুন ঠিকানা কোথায় হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।








