ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ কলকাতায় বাস যাত্রীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC) শহরের বেশ কিছু বন্ধ হয়ে যাওয়া বাস রুট ১ জুন থেকে পুনরায় চালু করেছে। এর ফলে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেলেন নিত্যযাত্রীরা। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুবিধা চালু করেছে, আর এর পরপরই এই নতুন পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
জানা গিয়েছে, S-46, S-57 (আড়িয়াদহ থেকে হাওড়া), S21, M7B, S4C, S45, T8 সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে ফের বাস চলাচল শুরু হয়েছে। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু রুটে পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পদক্ষেপ শহরের গণপরিবহন ব্যবস্থায় নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। যদিও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ, তবুও তাদের মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।
একজন যাত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অন্যান্য দিনের তুলনায় দুপুরে সরকারি বাসের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে, কিছু চালু রুটে বাসের সংখ্যা কমেছে এবং বাস ছাড়ার সময়ও বেড়েছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। অন্যদিকে, কিছু মানুষ ট্রাম পরিষেবা নিয়েও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। যাত্রীদের একাংশ বন্ধ হয়ে যাওয়া সরকারি বাস রুটগুলিকে সম্পূর্ণভাবে পুনরুজ্জীবিত করতে নতুন বাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। এছাড়া, অনেক রুটে বাসের ভাড়া নিয়ে অনিয়ম এবং পারমিটবিহীন বাসের চলাচল নিয়েও প্রশ্ন উঠেছে। এই বিষয়গুলি সরকার খতিয়ে দেখবে বলে আশা করা হচ্ছে, যাতে কলকাতার গণপরিবহন ব্যবস্থা আরও সুচারুভাবে পরিচালিত হতে পারে।








