ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এসে হেনস্থার শিকার হলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। অভিযোগ, নিট কেলেঙ্কারি ও বেকারত্বের মতো বিষয় নিয়ে আয়োজিত এই সমাবেশে অভিজিৎ পৌঁছতেই একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে চড় মারে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, অভিজিৎ দিপকে যখন তাঁর সমর্থকরা শহিদ স্মারকের দিকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় আচমকাই কিছু দুষ্কৃতী সেখানে হাজির হয়। তারা অভিজিৎকে লক্ষ্য করে পরপর চড় মারতে শুরু করে।
তাঁর সমর্থকরা দ্রুত দুষ্কৃতীদের ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে। তবে অভিযোগ উঠেছে, পুলিশ আসার আগেই অভিজিতের সমর্থকরা অভিযুক্তদের মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। অন্যদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কেন এই হামলা, তা খতিয়ে দেখছে। এই ঘটনায় অভিজিতের অনুগামীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।







