ব্যুরো নিউজ, ৯ সেপ্টেম্বর ২০২৬: ম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া AI-এর ‘আশির দশকের রেট্রো ট্রেন্ড’-এ গা ভাসালেন দুই পরিচিত বিজেপি নেতা— কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁদের AI-সৃষ্ট ফিল্মি অবতারগুলি ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে এবং ব্যাপক চর্চার বিষয়। নীল স্যুট, খোলা কলারের শার্ট এবং চোখে রোদচশমা— এমন এক আত্মবিশ্বাসী ভঙ্গিমায় পীযূষ গোয়েলকে দেখে মনে হচ্ছে যেন তিনি আশির দশকের কোনও বলিউড ছবির নায়ক।
নিজের এই রেট্রো অবতারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, “Vibing to the 80s trend।” ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই কমেন্ট বক্স উপচে পড়ছে। কেউ তাঁকে হিন্দি ছবির নায়ক বলে ভুল করেছেন, আবার কেউ মজা করে প্রশ্ন তুলেছেন, কেন সিনেমায় ভাগ্য পরীক্ষা করেননি। পীযূষ গোয়েল একা নন, এই ভাইরাল ট্রেন্ডে পিছিয়ে থাকেননি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। রাজনীতির ময়দানে আক্রমণাত্মক ভঙ্গির জন্য পরিচিত হিমন্তের এই ফিল্মি অবতার দেখে অনুগামীদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। তিনিও নিজের রেট্রো-স্টাইলের ছবি পোস্ট করে নেটপাড়ায় সাড়া ফেলেছেন।
এই AI ট্রেন্ডে কোনও ব্যক্তির মুখ ও মূল পরিচিতি বজায় রেখে পোশাক, চুলের ধরন, আনুষঙ্গিক সাজসজ্জা, আলো এবং ছবির আবহ বদলে দেওয়া হচ্ছে। ছবিতে যোগ করা হচ্ছে আশির দশকের পরিচিত উষ্ণ আলো, হালকা ঝাপসা ভাব, ফিকে রং এবং পুরনো অ্যানালগ ক্যামেরার ‘ফিল্ম গ্রেন’, যা নায়কোচিত চেহারা তৈরি করছে। রাজনৈতিক ব্যস্ততার বাইরে বেরিয়ে এই দুই নেতার ভিন্নধর্মী লুক সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। নেটিজেনদের মতে, ভোটের ময়দান পরে হবে— ‘আশির দশকের হিরো’ হওয়ার প্রতিযোগিতায় দু’জনেই জমিয়ে ব্যাট করছেন।








