মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে তীব্র টার্বুলেন্স, ৩০০ ফুট নীচে নেমে আহত ১২ যাত্রী

ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝআকাশে তীব্র টার্বুলেন্স, ৩০০ ফুট নীচে নেমে আহত ১২ যাত্রী ও বিমানকর্মী। নিরাপদে অবতরণ করলেও কয়েকজনের আঘাত গুরুতর।

Share:

ব্যুরো নিউজ, ৪ আগস্ট ২০২৬ঃ ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে গত ৪ অগস্ট, ২০২৬ তারিখে মাঝআকাশে তীব্র টার্বুলেন্সের জেরে প্রায় ৩০০ ফুট উচ্চতা কমে যায়। AI2379 নম্বরের এই উড়ানটি ক্রুজিং উচ্চতায় পৌঁছনোর পর আচমকা এই পরিস্থিতির মুখে পড়ে। ঘটনায় কয়েকজন যাত্রী এবং বিমানকর্মী আহত হলেও, বিমানটি নিরাপদে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, ফুকেত থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়া বিমানটি যাত্রাপথে স্বল্প সময়ের জন্য প্রবল টার্বুলেন্সের শিকার হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট ব়্যাডারের তথ্য অনুযায়ী, বিমানটি হুট করে প্রায় ৩০০ ফুট নীচে নেমে আসে। শক্তিশালী আপড্রাফ্ট বা ডাউনড্রাফ্টের কারণেই এমনটা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সংস্থার দাবি, গুরুতর আঘাতের ঘটনা ঘটেনি। তবে কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু সামান্য চোট পাওয়ায় তাঁদের বিমানবন্দরের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এয়ার ইন্ডিয়ার মেডিক্যাল টিম প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে। যদিও দিল্লি বিমানবন্দর থেকে প্রকাশ্যে আসা ভিডিওতে আহতদের অবস্থা তুলনামূলকভাবে গুরুতর মনে হয়েছে।

এক যাত্রীর মুখ ও মাথায় ব্যান্ডেজ বাঁধা এবং এক বিমানকর্মীকে নেক কলার পরা অবস্থায় দেখা যায়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার আকাশপথে হঠাৎ টার্বুলেন্স অস্বাভাবিক নয়। এমন পরিস্থিতিতে সিটবেল্ট বেঁধে রাখলে বিপদ কমানো সম্ভব।