ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ২০ কেজি ওজন কমানোর রহস্য ফাঁস করলেন অমিত শাহ!

অমিত শাহের ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের রহস্য কী? জানুন তাঁর জীবনযাত্রার পরিবর্তনের কথা।

Share:

ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ চরম রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও শরীরকে রোগমুক্ত রাখার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি তাঁর একটি পুরনো ভিডিও ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে, যেখানে তিনি তাঁর জীবনযাত্রায় আনা পরিবর্তনের কথা জানিয়েছেন। কোনও ‘ক্র্যাশ ডায়েট’ বা ওষুধের সাহায্য ছাড়াই তিনি ডায়াবেটিসের প্রভাব থেকে মুক্ত হয়েছেন। পর্যাপ্ত ঘুম, জলপান, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে তিনি প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন।

দিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস (ILBS)-এর একটি অনুষ্ঠানে অমিত শাহ জানান, কঠোর শৃঙ্খলা, সঠিক ঘুম, স্বল্প আহার, পর্যাপ্ত জলপান এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমেই এই অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি বলেন, ‘আমি আগে ডায়াবেটিক ছিলাম। ২০২০ সালের মে মাস থেকে আমি আমার জীবনে বেশ কিছু পরিবর্তন এনেছি। ঘুমের সময় ঠিক করেছি, পর্যাপ্ত জল খাওয়ার অভ্যাস করেছি, সঠিক ডায়েট মেনে চলেছি এবং নিয়মিত ব্যায়াম করেছি। এই সহজ অভ্যাসগুলোই আমাকে সুস্থ-নীরোগ জীবনে ফিরিয়ে দিয়েছে।’

বিগত চার বছরে সমস্ত রকম অ্যালোপ্যাথি ওষুধ এবং ইনসুলিন থেকে মুক্তি পেয়েছেন তিনি। শুধু তাই নয়, এই নিয়ম মেনে তিনি প্রায় ২০ কেজি ওজন ঝরিয়েছেন। এই জীবনযাত্রার পরিবর্তন তাঁর কাজের ক্ষমতা এবং মানসিক তীক্ষ্ণতাও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চিকিৎসকদের মতে, অমিত শাহের এই বক্তব্য থেকে স্পষ্ট যে টাইপ-২ ডায়াবিটিস এবং অতিরিক্ত ওজন কেবল ওষুধ দিয়ে নয়, জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে নিরাময় সম্ভব।