তামিলনাড়ুর সি-ফুড কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ২, মুখ্যমন্ত্রীর তদন্তের নির্দেশ

তামিলনাড়ুর তিরুভাল্লুরে সি-ফুড কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ২। শ্বাসকষ্টে আক্রান্ত বহু শ্রমিক। মুখ্যমন্ত্রীর তদন্তের নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ তামিলনাড়ুর তিরুভাল্লুরে একটি সি-ফুড কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার ঘটনায় কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় কারখানার বহু শ্রমিক ও স্থানীয় বাসিন্দা শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে তিরুভাল্লু জেলার পেরিয়াপালায়ম এলাকার কাছে অবস্থিত একটি বেসরকারি সি-ফুড প্রসেসিং ইউনিটে।

রবিবার হঠাৎ করেই এই কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে এবং তা দ্রুত কারখানা চত্বর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। গ্যাস লিক হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এবং দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। চিকিৎসকদের মতে, বেশ কয়েকজন শ্রমিকের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিয়েছে এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনা নতুন নয়, যা কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনার তদন্তের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট এবং তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।