ব্যুরো নিউজ, ৬ অক্টোবর ২০২৬: ভারতীয় বিমান বাহিনীর ২৯তম প্রধান হিসেবে নিযুক্ত হতে চলেছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। আগামী ৩১ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে এই গুরুদায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং একই দিনে অবসর গ্রহণ করছেন এবং তাঁর স্থলাভিষিক্ত হবেন আশুতোষ দীক্ষিত, যিনি বর্তমানে বিমান বাহিনীর উপ-প্রধান হিসেবে কর্মরত। প্রায় চার দশকের দীর্ঘ সামরিক জীবনের অভিজ্ঞতাসম্পন্ন এই ফাইটার পাইলট ‘অপারেশন সিঁদুর’, ‘অপারেশন সাদা সাগর’ এবং ‘অপারেশন রক্ষক’-এর মতো একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে সরাসরি অংশগ্রহণ করেছেন।
স্বদেশীয় হালকা যুদ্ধবিমান ‘এলসিএ তেজস’ এবং ভারতের অন্যান্য বিমান প্রকল্পের সঙ্গেও তাঁর গভীর সংযোগ রয়েছে। ১৯৬৬ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করা আশুতোষ দীক্ষিত ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনীর ফাইটার শাখায় কমিশন লাভ করেন। একজন ‘এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট’ এবং ‘কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর’ হিসেবে তাঁর ৩,৫০০ ঘণ্টারও বেশি সময় ওড়ার অভিজ্ঞতা রয়েছে। তিনি মিরাজ-২০০০, মিগ-এর বিভিন্ন ভ্যারিয়েন্ট, কিরণ, জাগুয়ার, আইএল-৭৮, হক এবং তেজসের মতো বহু ক্যাটাগরির বিমান সফলভাবে উড়িয়েছেন। কর্মজীবনে তিনি একটি মিরাজ-২০০০ স্কোয়াড্রন, পশ্চিমাঞ্চলের একটি ফ্রন্টলাইন ফাইটার এয়ার বেস এবং পূর্বাঞ্চলীয় সেক্টরের একটি ফাইটার ট্রেনিং বেস কমান্ড করেছেন। বায়ুসনার উপ-প্রধান হওয়ার আগে তিনি সেন্ট্রাল এয়ার কমান্ডের প্রধান এবং ‘চিফস অফ স্টাফ কমিটি’-র চেয়ারম্যানের ‘চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ’ পদেও দায়িত্ব পালন করেছেন। অসামান্য সামরিক সেবা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি বায়ু সেনা পদক, বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক-সহ একাধিক সর্বোচ্চ পদকে ভূষিত হয়েছেন।








