ব্যুরো নিউজ, ২৩ জুলাই ২০২৬ : নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন ‘প্রেস মিনিস্টার’ হিসেবে মহম্মদ সাইদুর রহমানের নিয়োগ ঘিরে কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। পদ্মাপাড়ের রাজনীতিতে ভারত-বিরোধী হিসাবে পরিচিত এই সাংবাদিককে দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত ঢাকার একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করার পাশাপাশি, ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন সাইদুর রহমান।বর্তমানে দৈনিক ইত্তেফাকের রাজনৈতিক সম্পাদক তিনি।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারত-বিরোধী পরিচিতি থাকা সত্ত্বেও সাইদুরকে দিল্লিতে পাঠানো বাংলাদেশের একটি সুচিন্তিত চাল। এর ফলে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন করে চাপানউতোর সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশ মন্ত্রক গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
একটি সূত্র মারফত জানা গিয়েছে, এখনও পর্যন্ত সাইদুর রহমানের নিয়োগের বিষয়টি নয়াদিল্লি অনুমোদন করেনি। উল্লেখ্য, এর আগেও বাংলাদেশের এক প্রতিনিধিকে নিয়ে কূটনৈতিক সংঘাতে জড়িয়েছিল দিল্লি ও ঢাকা। জাহেদ উর রহমান নামে সেই প্রতিনিধি দিল্লি বিমানবন্দরে অভিবাসন নথি পরীক্ষায় ক্ষুব্ধ হয়ে মাঝপথেই দেশে ফিরে গিয়েছিলেন। সাইদুরের নিয়োগ সেই পুরনো তিক্ততার স্মৃতি ফিরিয়ে আনছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ধরনের বিতর্কিত নিয়োগ সম্পর্কের ক্ষেত্রে নতুন ‘ফ্ল্যাশপয়েন্ট’ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত সরকার এই বিষয়ে কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।








