ব্যুরো নিউজ, ১৬ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে হামের ভয়াবহতা ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ছয় মাসে এই মারণ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১,০৪৪ জন শিশু। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে হামের টিকা আমদানি নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, সরকারের স্বাস্থ্য উপদেষ্টা আর্থিকভাবে লাভবান হতে ইউনিসেফের পরিবর্তে একটি অজানা প্রতিষ্ঠান থেকে হামের টিকা আমদানি করেছিলেন, যা হাম প্রতিরোধে সুফল দিতে পারেনি। এর ফলস্বরূপ দেশের সিংহভাগ শিশু হামের প্রতিরোধী টিকা থেকে বঞ্চিত হয়েছে।
এই অব্যবস্থার সরাসরি ফলস্বরূপ শিশুরা ব্যাপক হারে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও, হামে আক্রান্ত হয়ে আরও ১০০টি শিশুর প্রাণহানি ঘটেছে। অর্থাৎ, এই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ১,০৪৪ জন শিশু মারা গিয়েছে।
একই সময়ে, গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে ‘মহামারী’র আখ্যা দিয়েছেন। হামের পাশাপাশি ডেঙ্গুও বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ৬০ জন এবং আগস্টে ৪৩ জন মারা গিয়েছেন। এই জোড়া ব্যধিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে, এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য নীতি নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।








