ডিজিটাল জনগণনা: রাজ্যে স্ব-গণনার জন্য বিশেষ পোর্টাল খুলল কেন্দ্র, জানুন পদ্ধতি

ভারতে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা। se.census.gov.in পোর্টালে নিজেই করুন স্ব-গণনা। জানুন পদ্ধতি ও সময়সীমা।

Share:

ব্যুরো নিউজ, ২৭ জুন ২০২৬ : ডিজিটাল ভারতের পথে আরও এক ধাপ এগিয়ে এবার জনগণনাও হবে ডিজিটাল মাধ্যমে। বান্ডিল বান্ডিল কাগজপত্রের দিন শেষ, কারণ ২০২৭ সালের জনগণনায় দেশের নাগরিকরা নিজেরাই নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। কেন্দ্র এই প্রক্রিয়ার পোশাকি নাম দিয়েছে ‘সেল্ফ-এনুমারেশন’। এর জন্য se.census.gov.in নামে একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে।

এই পোর্টালে ৩৩টি সহজ প্রশ্নমালার মাধ্যমে ডিজিটাল ফর্ম পূরণ করে ঘরে বসেই এই কাজ সম্পন্ন করা যাবে। আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে দেশের যে কোনও নাগরিক নিজের বৈধ মোবাইল নম্বর ব্যবহার করে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে যাচাইকরণের জন্য। সেই ওটিপি দিলেই পোর্টালে লগইন করে তথ্য নথিভুক্ত করা যাবে। যারা এই স্ব-গণনায় আগ্রহী নন, তাঁদের জন্য সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ করবেন। এই কাজের জন্য একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে, যার নাম ‘এইচএলও’ (HLO)। উল্লেখ্য, দেশের বিভিন্ন রাজ্যে গত ১ এপ্রিল থেকে এই গণনার কাজ শুরু হলেও, পূর্ববর্তী সরকার থাকাকালীন বাংলায় তা শুরু হয়নি।

রাজ্যে পালাবদলের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই জনগণনার প্রক্রিয়া শুরু হয়। কেন্দ্রের এই বড় পদক্ষেপ একদিকে যেমন সময় সাশ্রয়ী, তেমনই নির্ভুল তথ্য সংগ্রহে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে এই ডিজিটাল প্রক্রিয়াকে সহজবোধ্য করে তোলার জন্য প্রয়োজনীয় প্রচারও চালানো হবে।